বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধু পূর্ণিমা উদযাপন
তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছে মধু পূর্ণিমা। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষেরা বান্দরবানে বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে প্রার্থনার জন্য জড়ো হতে থাকে। এসময় শত শত বৌদ্ধ নর-নারী বৌদ্ধ বিহারে গিয়ে বৌদ্ধ ভিক্ষুদের মধুর পাশাপাশি বিভিন্ন ফলমূল, মধুমিশ্রিত পায়েস ও ছোয়াই (খাবার) দান করেন এবং সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন। বিকালে পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্য সংঘদান, অষ্টপরিষ্কার দান ও হাজার প্রদীপ প্রজ্জলনসহ নানা কর্মসূচি পালন করা হবে। বৌদ্ধ ধর্মালম্বীরা জানান, বহু বছর আগে এই পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ধ্যানরত বুদ্ধকে দান করতে দেখে বনের বানরও মৌচাকের মধু সংগ্রহ করে দানে মগ্ন হয়। এই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমার এই তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা উদযাপন করে থাকেন। উল্লেখ্য, বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো এই মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকেই ভাদ্র পূর্ণিমা বলে থাকে।

No comments