একই দিনে না ফেরার দেশে চলেন গেলেন অভিনেতা সাদেক বাচ্চু ও বাহার
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ খ্যাত অভিনেতা মহিউদ্দিন বাহার
ও বাংলা চলচ্চিত্রের খল নায়ক সাদেক বাচ্চু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন)।
আজ সোমবার ভোর পাঁচটার দিকে মহিউদ্দিন বাহার মারা গেছেন। মহিউদ্দিন
বাহার অনেক দিন ধরে হার্ট ও কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। আজ ভোরের দিকে
শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে দয়াগঞ্জের বাসা থেকে দ্রুত ইব্রাহিম ডায়াবেটিক
হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মহিউদ্দিন বাহার
স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মহিউদ্দিন বাহার ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর
উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সরকারের সিনিয়র
সহকারী সচিব হিসেবে ২০০৫ সালে অবসর নেন। সরকারি চাকরিজীবী হলেও অভিনয় ছিল
মহিউদ্দিন বাহারের নেশা। স্কুলজীবন থেকেই বিভিন্ন নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত
ছিলেন। ১৯৭৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন। ১৯৭৭ সালে বাংলাদেশ
টেলিভিশনের ছোটদের সিরিজ ‘রোজ রোজ’-এ প্রথম অভিনয় করেন মহিউদ্দিন বাহার। এরপর
চাকরির পাশাপাশি হুমায়ূন আহমেদ, গিয়াস উদ্দিন সেলিমসহ অনেকের নাটকে অভিনয় করেন।
প্রায় ২৬ বছর ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান
ইত্যাদিতে সমাজের নানা অসংগতি নিয়ে অভিনয় করেন মহিউদ্দিন বাহার। ইত্যাদিতে
নোয়াখালীর আঞ্চলিক ভাষায় মহিউদ্দিন বাহারের স্বভাবসুলভ সংলাপ হাসির খোরাক জোগাত।
অপর দিকে করোনা ভাইরাসে আক্রান্ত
হয়ে মারা গেলেন অভিনেতা সাদেক বাচ্চু
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ১২টা ৫
মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।
৬৬ বছর বয়সী এ অভিনেতা দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায়
ভুগছিলেন। ২০১৩ সালে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচারও করাতে হয়েছিল।
ডাকবিভাগের সাবেক
কর্মকর্তা সাদেক হোসেন বাচ্চু ১৯৮৫ সাল চলচ্চিত্র জগতে পা রাখেন। ‘রামের সুমতি’র
মাধ্যমে যাত্রা শুরুর পর বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। খল চরিত্রের
অভিনেতা হিসেবে দর্শকদের কাছে পেয়েছেন আলাদা পরিচিতি।
২০১৮ সালে ‘একটি
সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের জন্য খল চরিত্রে সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র
পুরস্কার পান সাদেক বাচ্চু।

No comments