Recent comments

ব্রেকিং নিউজ

সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে বান্দরবানে এক নারী নিহত



তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শান্তি লতা তঞ্চঙ্গ্যা (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে নিহতের শিশু সন্তান অর্জুন তঞ্চঙ্গ্যা (৪)। শনিবার (১১ জুলাই) সকালে রোয়াংছড়ি থানার ইনর্সাচ মোঃ তৌহিদুর কবির নিশ্চিত করে বলেন শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার অংগ্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্তি লতা তঞ্চঙ্গ্যা ওই এলাকার বাসিন্দা।

 জানা যায়, অংগ্যাপাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) মূল দলের সন্ত্রাসীরা অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর তিনটি টহল দল। সে সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ের পশ্চিম দিক থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে সেখানে সশস্ত্র সন্ত্রাসীদের ধরতে রাতেও অভিযান পরিচালনা করলে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহতাবস্থায় ওই নারী ও তার শিশু সন্তানকে উদ্ধার করা হয়। পরে তাদের সেনা অ্যাম্বুলেন্সে করে রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে ওই নারীর মৃত্যু হয়।

 স্থানীয়রা জানান, অংগ্যাপাড়া এলাকাটি দুর্গম ও পাহাড়ের গহীন এলাকায় হওয়ায় সন্ত্রাসীরা প্রায় সময় সেখানে আত্মগোপন করে থাকে। তাদের (স্থানীয়) ধারণা গত ৭ জুলাই বাঘমারা এলাকায় ছয়জন হত্যা ও তিনজন আহত হওয়ার ঘটনার সঙ্গেও তারা জড়িত থাকতে পারে।

 বর্তমানে অংগ্যাপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে রোয়াংছড়ি থানার ইনর্সাচ মো. তৌহিদুর কবির জানান নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

No comments