দীঘিনালায় অজ্ঞাত রোগে নিহত ১ আক্রান্ত ২০ শিশু, এলাকা জুড়ে আতংক
মোঃ মহিউদ্দিন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় অজ্ঞাত রোগে এক শিশু নিহত ও বিশ শিশু আক্রান্ত হয়েছে।
এ ঘটনায় শনিবার রাতেই ধনিতা ত্রিপুরা (৮) নামে এক শিশু মারা যায়। এছাড়া প্রান্তি ত্রিপুরা নামে আর ও এক শিশুকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি উপজেলা সদর থেকে ১৭ কিলোমিটার দূরে দুর্গম রতিচন্দ্র কারবারী পাড়া গ্রামের। গত ২২ মার্চ থেকে এলাকায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এঘটনায় গ্রামে আতঙ্ক বিড়াজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার শিশুদের গায়ে প্রচন্ড জ্বর, গায়ে লাল ফোস্কার মতো দাগ এবং চোখ মুখ লাল। গত ২২ মার্চ থেকে এ অজ্ঞাত রোগের লক্ষণ দেখা দেয়।
এ অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত শনিবার রাতেই ধনিতা ত্রিপুরা (৮) নামে এক শিশু মারা যায়। ধনিতা ত্রিপুরা রতিচন্দ্র কারবারী পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
এদিকে রবিবার সকালে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত ২০ শিশুকে চিকিৎসাসেবা প্রদান করেছেন।
এছাড়া অধিক আক্রান্ত এবং অসুস্থ প্রান্তি ত্রিপুরা নামে এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে অজ্ঞাত রোগে আক্রান্ত প্রান্তি ত্রিপুরার পিতা চরণ বিকাশ ত্রিপুরা জানান, গত ২২ মার্চ রোববার থেকে থেকে এলাকায় এরোগ দেখা দেয়।
গত বুধবার থেকে আমার মেয়ের শরীরে প্রচন্ড জ্বর আসে। চোখ মুখ লাল হয়ে যায়। প্রসেল ত্রিপুরা(৭) র মা স্বর্ণতি ত্রিপুরা জানান, গত দুদিন আগেও আমার ছেলে সুস্থ ছিলো।
পরে হঠাৎ করেই আমার ছেলে আক্রান্ত হয়।
এব্যাপারে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আক্রান্ত সকল শিশুদের ঘটনাস্থলে গিয়ে চিকিৎসা দেয়া হয়েছে, অধিক আক্রান্ত এবং দূর্বল প্রান্তি ত্রিপুরা নামে এক শিশুকে উন্নত চিকিৎসার জন্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। তিনি আরো জানান, পরীক্ষা নিরীক্ষার আগেই শিশুগুলি কি রোগে আক্রান্ত এবং কি রোগে শিশুটি মারা গেছে তা বলা যাবে না।

No comments